Subscribe to the blog & newsletter

Table of Contents

Share This Post:

ট্রেডে ঢোকার পর আমি একটা জিনিস না দেখার পরামর্শ দিই, আর সেটা হলো “টাকা”
অদ্ভুত শোনাচ্ছে? ট্রেড করতে এসেছেন টাকা বানাতে, আর আমি বলছি টাকার দিকে তাকাবেন না! কারণ আছে।
এন্ট্রি নিলেন। দুই মিনিট পর দেখলেন, লাভ হচ্ছে ১৮৭ ডলার। মনের ভেতর থেকে একজন ভদ্রলোক সঙ্গে সঙ্গে বলে উঠবে, “ভাই, যা পাইছেন নিয়া বাইর হন। বাজারের চরিত্র ভালো না।”
আপনি বের হয়ে গেলেন। তারপর? শেয়ার আরও ৩ ডলার উপরে চলে গেল। এবার সেই একই ভদ্রলোক বলবে, “দেখছেন! বলছিলাম না, ধরে রাখা উচিত ছিল?”
এই ভদ্রলোকের একটা সমস্যা আছে। উনি সবসময় কথা বলেন, কিন্তু কোনোদিন দায় নেন না। তার নাম আবেগ।
আবার উল্টো ঘটনাও ঘটে। ট্রেড এখন ১৫০ ডলার লোকসানে। চার্ট বলছে সেটআপ দুর্বল হয়ে গেছে। আপনার ট্রেডিং পরিকল্পনা বলছে, বের হয়ে যান। কিন্তু চোখ আটকে আছে ওই ১৫০ ডলারের লোকসানের দিকে।
মাথা এবার গল্প লেখা শুরু করবে, “আরেকটু দেখি”, “এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারে”, “মাত্র ১৫০ ডলারই তো!”
মানুষের মাথা বড় অদ্ভুত জিনিস। লাভের সময় সে খুব সাবধানী, কিন্তু লোকসানের সময় অসম্ভব আশাবাদী। দশ মিনিট পরে সেই ১৫০ ডলারের লোকসান যখন ৩৫০ ডলারে পৌঁছে যায়, তখন মানুষ চার্ট কম দেখে, দোয়া বেশি পড়ে।
সমস্যা লাভ বা লোকসানে নয়। সমস্যা শুরু হয় তখন, যখন ডলারের পরিমাণ দেখার পর আমরা ট্রেডকে আর একটা ট্রেড হিসেবে দেখি না, সেটাকে নিজের টাকা হিসেবে দেখতে শুরু করি।
আর টাকা সামনে এলে মানুষের মাথায় দুইজন পুরোনো অতিথির আগমন ঘটে, ভয় আর লোভ। মজার ব্যাপার হলো, এদের কাউকেই আপনি ট্রেডে আমন্ত্রণ জানাননি। তারপরও এসে ট্রেডিং পরিকল্পনার সবচেয়ে আরামদায়ক চেয়ারটায় বসে পড়বে।
তাই এন্ট্রি নেওয়ার আগেই আপনার কাজ শেষ করুন।
এন্ট্রি কোথায়, স্টপ লস কোথায়, কতটুকু ঝুঁকি নিচ্ছেন, কোথায় লাভ নেবেন এবং কোন পরিস্থিতিতে ট্রেড বন্ধ করবেন, সবকিছু আগে থেকেই ঠিক করে রাখুন।
তারপর?
ট্রেডকে তার কাজ করতে দিন। আপনিও আপনার কাজ করুন।
লাভ বা লোকসানের লাল সবুজ সংখ্যা পাহারা না দিয়ে দেখুন দামের গতি, সেটআপ, বাজারের গঠন এবং আপনার পূর্বনির্ধারিত ট্রেডিং পরিকল্পনা।
ট্রেড বন্ধ হওয়ার পরে লাভ বা লোকসান দেখুন। লাভ হলে জার্নালে লিখুন। লোকসান হলেও জার্নালে লিখুন।
কারণ একজন পেশাদার ট্রেডারের দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, “আজ কত ডলার আয় করলাম?” এটা নয়।
বরং প্রশ্ন করুন, “আজ আমি আমার পরিকল্পনা কতটা ঠিকভাবে অনুসরণ করেছি?”
এই একটা প্রশ্ন বদলাতে পারলে ধীরে ধীরে আপনার ট্রেডিংও বদলাতে শুরু করবে।
কারণ একজন ভালো ট্রেডার প্রতিটি ট্রেড থেকে টাকা বের করার চেষ্টা করে না। সে প্রতিটি ট্রেডে নিজের শৃঙ্খলা অক্ষত রাখার চেষ্টা করে।
আর টাকা?
কাজটা ঠিকভাবে করতে শিখুন। টাকাকে ফলাফল হিসেবেই আসতে দিন।

Related Post